জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নেয় এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন দলের সদস্য সচিব আখতার হোসেন। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, এর আইনি কাঠামো ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, তারা জুলাই সনদের মূলনীতি ও সংস্কারধারার প্রতি সমর্থন জানালেও আইনি ভিত্তি ও সাংবিধানিক প্রক্রিয়া স্পষ্ট না হলে দলটি আনুষ্ঠানিকভাবে এতে যুক্ত হবে না।
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশন এনসিপির প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছে।
এর আগে গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপির কেউ উপস্থিত ছিলেন না। সেদিন দলটি তিনটি শর্ত উপস্থাপন করে জানায়— সনদের বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ, গণভোটের রূপরেখা নির্ধারণ এবং গণভোটে জনগণের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের অঙ্গীকার নিশ্চিত করতে হবে।
এনসিপির দাবি, জুলাই সনদ কার্যকর করতে হলে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে হবে, যাতে রাজনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতা রক্ষা পায়।
উল্লেখ্য, গত বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। সেখানে প্রধান উপদেষ্টা এনসিপিকে জুলাই সনদে যুক্ত হওয়ার আহ্বান জানান। এনসিপি পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় আইনি নিশ্চয়তা পেলে তারা আলোচনার পরবর্তী ধাপে যুক্ত হতে প্রস্তুত।


