হিজরি ১৪৪৭ সালের ১২ রবিউল আউয়াল আজ। দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মানবতার মুক্তিদূত, সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে মুসলিম উম্মাহ স্মরণ করছে তাঁর জীবনাদর্শ ও সুন্নাহর শিক্ষা।
এদিনে জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা দেন। তিনি উল্লেখ করেন, মুসলিম উম্মাহ বর্তমানে ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নৈতিক অবক্ষয়, শিক্ষা ও বিজ্ঞানে পশ্চাদপদতা, অপসংস্কৃতির প্রভাব এবং অর্থনৈতিক বৈষম্য আজ মুসলমানদের আত্মপরিচয় হারানোর পথে ঠেলে দিচ্ছে।
আজহারী বলেন, “এর প্রধান কারণ আমরা প্রিয় নবী (সা.)-এর জীবনাদর্শ থেকে দূরে সরে গেছি। অথচ কোরআন আমাদের শিক্ষা দেয়— ‘রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।’” তিনি স্মরণ করিয়ে দেন, নবী মুহাম্মদ (সা.) কেবল ধর্মীয় নেতা নন; তিনি ছিলেন সমাজ সংস্কারক, দক্ষ রাষ্ট্রনায়ক, উত্তম স্বামী এবং বিশ্বস্ত বন্ধু। আল্লাহ নিজেই তাঁর চরিত্রকে ‘মহান’ বলে স্বীকৃতি দিয়েছেন।
তিনি আহ্বান জানান, ব্যক্তিগত ও সামাজিক জীবনে নবীর শিক্ষাকে ধারণ করতে। আজহারীর মতে, সিরাতচর্চা ছাড়া মুসলিম জাতির পুনর্জাগরণ সম্ভব নয়। এই লক্ষ্যেই তিনি Hasanah Foundation-এর উদ্যোগে শুরু হওয়া ‘সিরাত অলিম্পিয়াড ২০২৫’-এর কথা উল্লেখ করেন। এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে নবীজির জীবনাদর্শ সম্পর্কে সচেতন করার প্রচেষ্টা চলছে


