মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় তারা প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হলে তাদের স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তিনি খোলা জিপে করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্যারেড অধিনায়ক মেজর জেনারেল এসএম আসাদুল হক। পরিদর্শন শেষে রাষ্ট্রপতি অভিবাদন মঞ্চে ফিরে কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর সালাম গ্রহণ করেন।
এবারের কুচকাওয়াজে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট অংশ নেয়। সাজোয়া যান, আর্টিলারি, সিগনালস, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, প্যারা কমান্ডোসহ বিভিন্ন বিশেষায়িত কন্টিনজেন্ট তাদের দক্ষতা ও শৃঙ্খলার প্রদর্শন করে। আধুনিকায়িত সামরিক সরঞ্জাম ও কৌশলও তুলে ধরা হয়, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতার অগ্রগতির প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হয়।
অনুষ্ঠানের আকর্ষণীয় অংশ হিসেবে আকাশপথে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা বহন করে অবতরণ করেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কৌশলগত ফ্লাইপাস্ট প্রদর্শন করে। সর্বশেষে মিগ-২৯ যুদ্ধবিমানের প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। স্বাধীনতা দিবসের এই আয়োজন দেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বকে নতুনভাবে তুলে ধরে।


