ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গাইবান্ধায় সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য ব্যতিক্রমী এক আয়োজন করেছে শিক্ষার্থীদের সংগঠন ‘আমাদের গাইবান্ধা’। ক্রমবর্ধমান নিত্যপণ্যের দামের মধ্যে সাধারণ মানুষের ঈদকে আনন্দমুখর করতে প্রতীকী মূল্যে ‘এক টাকার বাজার’ চালু করা হয়, যেখানে মাত্র এক টাকায় দেওয়া হয়েছে ১৮ ধরনের প্রয়োজনীয় খাদ্য ও ঈদ সামগ্রী।
বুধবার (১৮ মার্চ) বিকেলে জেলা শহরের স্বাধীনতা রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অস্থায়ী এই বাজার বসানো হয়। এখানে পরিবারপ্রতি চাল, ডাল, চিনি, সেমাই, দুধ, আলু, পটল, মুরগিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়, যা দিয়ে একটি পরিবার অন্তত দুই দিনের ঈদের খাবারের ব্যবস্থা করতে পারে।
সংগঠনের সদস্যরা জানান, গত পাঁচ বছর ধরে নিজেদের অর্থায়নে এ ধরনের উদ্যোগ চালিয়ে আসছেন তারা। আয়োজকদের মতে, এটি কোনো দান বা সাহায্য নয়; বরং ক্রেতা হিসেবে সম্মান বজায় রেখে মানুষ যেন স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারে, সেই লক্ষ্যেই এক টাকার প্রতীকী মূল্য নির্ধারণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি সায়হাম রহমান বলেন, “আমরা চাই না কেউ এটাকে ত্রাণ মনে করুক। সবাই যেন সম্মান নিয়ে নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে পারে, সেটিই আমাদের উদ্দেশ্য।” সাধারণ সম্পাদক ডা. মো. মুসাভ্ভির রহমান খান জানান, প্রতিবছরই জেলার নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এ আয়োজন করা হয় এবং প্রতিটি পরিবারকে ঈদের প্রয়োজনীয় বাজার দেওয়ার চেষ্টা থাকে।
এই উদ্যোগে উপকৃত হয়েছেন প্রায় ২৫০টি পরিবার। বাজারে আসা অনেকেই জানান, বর্তমান বাজারদরে যেখানে এক টাকায় কিছুই পাওয়া যায় না, সেখানে এতগুলো প্রয়োজনীয় জিনিস একসাথে পাওয়া তাদের জন্য বড় স্বস্তির। স্থানীয় সচেতন মহল মনে করছে, তরুণদের এমন মানবিক উদ্যোগ সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং বিত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।


