পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিতেও দায়িত্ব পালনে বিরতি নেই প্রধানমন্ত্রীর। রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকেই তিনি সরকারি জরুরি কাজ তদারকি করছেন এবং দেশের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ঈদের ছুটি শুরু হলেও প্রশাসনিক কার্যক্রমে শিথিলতা আসতে দেননি প্রধানমন্ত্রী। বাসভবনে অবস্থান করেই তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
এদিকে সারা দেশে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতিও নিয়মিত পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। কাজের গতি ও নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন এবং দিকনির্দেশনা দিচ্ছেন। নগর ব্যবস্থাপনাতেও নজর রাখছেন তিনি। বিভিন্ন সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম যেন ঠিকভাবে পরিচালিত হয়, সে বিষয়ে মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলে কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। ঈদকে সামনে রেখে নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে এসব কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ছুটি শুরুর আগের দিনও প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত থেকে সরকারি কার্যক্রমে অংশ নেন। কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকেও যোগ দেন তিনি।সরকারি ছুটি ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত চলবে। তবে ছুটির মধ্যেও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর সক্রিয়তা অব্যাহত রয়েছে।


