ঢাকাসহ বিভিন্ন বিভাগের সংসদ সদস্যদের অংশগ্রহণে বিএনপির আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মশালার সকাল পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুরসহ ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেলের সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের নির্বাচিত সংসদ সদস্যরা এতে অংশ নেবেন। নবনির্বাচিত এমপিদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
আজকের কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সিনিয়র নেতা ওসমান ফারুকসহ দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
এর আগে শুক্রবার এই দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনের কর্মসূচিতে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন। পাশাপাশি রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের কয়েকজন সংসদ সদস্যও বিভিন্ন সেশনে অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, নতুন ও পুরোনো সংসদ সদস্যদের সংসদের কার্যপ্রণালী, বিধি-বিধান এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এছাড়া সংসদে কার্যকর ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। এবারের নির্বাচনে বিএনপির নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো সংসদে প্রতিনিধিত্ব করছেন।


