সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিম্নআয়ের পরিবারগুলোকে সহায়তা দিতে নতুন ‘ফ্যামেলি কার্ড’ কর্মসূচি দ্রুত চালু করা হচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ।
মন্ত্রী বলেন, ঈদের আগেই এই কর্মসূচির কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ফ্যামেলি কার্ড সরাসরি প্রতিটি পরিবারের নারীর হাতে পৌঁছে দেওয়া হবে, যাতে সহায়তার অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। কার্ড বিতরণে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না এবং রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
তিনি আরও জানান, বর্তমানে চালু থাকা বিভিন্ন ভাতা কর্মসূচি বহাল থাকবে। তবে ফ্যামেলি কার্ডের মাধ্যমে যে আর্থিক সহায়তা দেওয়া হবে, তা বিদ্যমান অনেক ভাতার তুলনায় বেশি হবে। সরকার চাইছে, একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে পরিবারের প্রকৃত প্রয়োজন বিবেচনায় সহায়তা পৌঁছে দিতে।
কর্মসূচির কাঠামো ও অর্থায়ন চূড়ান্ত করতে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী–এর নেতৃত্বে একটি উপকমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এ কমিটি সুপারিশসহ প্রতিবেদন দেবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনের ভিত্তিতে কার্ডের সংখ্যা, সহায়তার পরিমাণ এবং বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা হবে।
মন্ত্রী জানান, আগামী ছয় মাসের মধ্যে অন্তত ৫০ শতাংশ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, কর্মসূচি বাস্তবায়নে যাতে কেউ বৈষম্যের শিকার না হন এবং কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।সরকারের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী হবে এবং নারীর আর্থিক ক্ষমতায়নেও ইতিবাচক প্রভাব পড়বে।


