নতুন নকশা ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করে ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে এই নতুন নোট আনুষ্ঠানিকভাবে প্রচলনে আসবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের কাগুজে মুদ্রার মান ও নিরাপত্তা আরও জোরদার করতে নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে এসেছে। এবার সেই ধারাবাহিকতায় ১০ টাকার নতুন নোট ইস্যু করা হচ্ছে।
গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর সংবলিত নতুন নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে বিতরণ করা হবে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও এই নোট পাওয়া যাবে বলে জানানো হয়েছে।নতুন ১০ টাকার নোটটির দৈর্ঘ্য ১২৩ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগে বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে জাতীয় ফুল শাপলার চিত্র সংযোজন করা হয়েছে। পেছনভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর শিল্পকর্ম।
নোটটির নিরাপত্তা নিশ্চিত করতে এতে আধুনিক বিভিন্ন সুরক্ষা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ইলেকট্রোটাইপ ‘১০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। পাশাপাশি নিরাপত্তা সুতায় ‘৮১০ দশ টাকা’ লেখা রয়েছে, যা আলোর বিপরীতে স্পষ্ট দেখা যাবে। নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট চালু হলেও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা বৈধভাবে চালু থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার বিশেষ নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।


