২২ বছর পর ময়মনসিংহে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এই জনসভাকে ঘিরে ময়মনসিংহসহ পুরো বিভাগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
বিএনপি নেতারা বলছেন, এটি ময়মনসিংহের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় জনসমাবেশ হতে যাচ্ছে। জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তাদের পক্ষে ভোট প্রার্থনা করবেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় সভাপতিত্ব করবেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দল ও নেতাকর্মীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে মাঠ প্রস্তুতসহ সার্বিক আয়োজন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সমাবেশস্থলে জনসমাগম বিবেচনায় একাধিক স্থানে বড় এলইডি স্ক্রিন বসানো হচ্ছে, যাতে দূরে অবস্থান করেও নেতাকর্মীরা বক্তব্য শুনতে পারেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, চার জেলা ছাড়াও মহানগর ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করা হয়েছে। প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। তিনি বলেন, জনসভায় নারীদের জন্য আলাদা স্থান, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে।
শরীফুল আলম আরও জানান, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। দীর্ঘ ২২ বছর পর তার আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহ শহরসহ আশপাশের এলাকায় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নেতারা আশা করছেন, সার্কিট হাউস মাঠ ছাড়িয়ে পুরো শহরেই জনসমুদ্রে রূপ নেবে আজকের সমাবেশ।


