লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ জন বাংলাদেশি নাগরিক। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাদের বহনকারী বিশেষ চার্টার ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশ দূতাবাস, ত্রিপলির তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ত্রিপলি থেকে এই ৩০৯ জন বাংলাদেশিকে স্বেচ্ছায় দেশে ফেরার উদ্যোগের অংশ হিসেবে পাঠানো হয়।
ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এটি লিবিয়া সরকারের সহায়তায় পরিচালিত দ্বিতীয় চার্টার ফ্লাইট। এর আগে, ৯ অক্টোবর প্রথম দফায় আরও ৩০৯ বাংলাদেশি দেশে ফেরেন। প্রত্যাবাসিতদের বেশিরভাগই বিভিন্ন মানবিক সংকট, কর্মসংস্থান সমস্যা এবং নিরাপত্তাহীনতার কারণে দেশে ফেরার আবেদন করেছিলেন।
দূতাবাসের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি, বহির্গমন ছাড়পত্র সংগ্রহসহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দেশে ফেরার পর প্রত্যেককে ইমিগ্রেশন ও স্বাস্থ্য পরীক্ষাসহ প্রাথমিক সহায়তা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্বেচ্ছা প্রত্যাবাসন প্রক্রিয়া চলমান থাকবে। একই প্রক্রিয়ায় আগামী ৩০ অক্টোবর মিসরাতা ও ত্রিপলি অঞ্চল থেকে নিবন্ধিত আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
দূতাবাসের কর্মকর্তারা বলেন, লিবিয়ায় কর্মরত অনেক বাংলাদেশি যুদ্ধাবস্থার কারণে চরম অনিশ্চয়তার মধ্যে আছেন। তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
উল্লেখ্য, উত্তর আফ্রিকার সংঘাতকবলিত এই দেশটিতে বর্তমানে কয়েক হাজার বাংলাদেশি বিভিন্ন খাতের শ্রমিক হিসেবে অবস্থান করছেন। সাম্প্রতিক বছরগুলোতে অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের ঝুঁকি বেড়ে যাওয়ায় স্বেচ্ছা প্রত্যাবাসন কর্মসূচির প্রতি আগ্রহ বাড়ছে প্রবাসীদের মধ্যে।


