ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল) সম্প্রতি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য নতুন তিনটি শরীআ’হ সম্মত প্রোডাক্টের উদ্বোধন করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো বিনিয়োগকারীদের বিনিয়োগের বহুমুখীকরণে সহায়তা করা। নতুন প্রোডাক্টগুলো হল: ওকালাহ ক্যাপিটাল অ্যাকাউন্ট, মুদারাবা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, এবং মুশারাকা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। পাশাপাশি, আইবিসিএমএল একটি অনলাইন প্লাটফর্ম ‘আই-ট্রেড’ও চালু করেছে।
৫ নভেম্বর মঙ্গলবার, ইসলামী ব্যাংক টাওয়ারে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে এই প্রোডাক্টগুলোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইবিসিএমএল-এর চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল জলিল, এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও আইবিসিএমএল-এর পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমান।
অনুষ্ঠানে আইবিসিএমএল-এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুর রহিম, এফসিএ-এর সভাপতিত্বে ব্যাংকের অন্যান্য শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। গেস্ট অফ অনার হিসেবে ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান এবং মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।
স্বাগত বক্তব্যে আইবিসিএমএল-এর কোম্পানি সেক্রেটারি আবু সাঈদ মোঃ নাহিদ, এফসিএস নতুন প্রোডাক্টগুলোর সুবিধা ও লক্ষ্য তুলে ধরেন। এই অনুষ্ঠানটি ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত ব্যাংকের নির্বাহী, জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জদের জন্যও উন্মুক্ত ছিল।


