শ্রমিক অসন্তোষের কারণে গত সেপ্টেম্বর মাসে কাজ বন্ধ থাকা ৩৯টি তৈরি পোশাক কারখানার জন্য সুদবিহীন সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি বলেছে, এসব কারখানার শ্রমিকদের বেতন-ভাতা সময় মতো পরিশোধের জন্য এ ঋণ প্রয়োজন।
সম্প্রতি অর্থ উপদেষ্টার কাছে লেখা এক চিঠিতে এ অনুরোধ করেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। ঐ চিঠির সঙ্গে সাভার-আশুলিয়া এলাকার ৩৯টি ক্ষতিগ্রস্ত কারখানার একটি তালিকাও যুক্ত করে দেওয়া হয়।
চিঠিতে খন্দকার রফিকুল ইসলাম উল্লেখ করেন, বর্তমানে ঐ প্রতিষ্ঠানগুলো দারুণ আর্থিক সংকটের মধ্যে রয়েছে। ফলে এসব কারখানার শ্রমিক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন সময় মতো পরিশোধ করা দুরূহ হয়ে পড়বে। এ কারণে তাদের জন্য সুদবিহীন সহজ শর্তে ঋণ প্রদান করা জরুরি।
বিজিএমইএ জানায়, গত সেপ্টেম্বর মাসে শ্রমিক অসন্তোষের কারণে সাভার-আশুলিয়া এলাকার ৩৯টি কারখানায় প্রায় ২০ দিন ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। তবে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিষ্ঠানগুলোকে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতাসহ যাবতীয় স্থায়ী খরচ পরিশোধ করতে হয়। বন্ধ থাকা ৩৯টি কারখানায় ৫৬ হাজার ৩৫১ জন শ্রমিক-কর্মচারী কাজ করছেন। সেপ্টেম্বর মাসে তাদের শুধু বেতন-ভাতা বাবদ ৫৮ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৬৪৭ টাকা পরিশোধ করতে হবে। চিঠিতে বলা হয়, শ্রমিক অসন্তোষের কারণে তৈরি পোশাক খাতের চলমান রপ্তানি আদেশগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। ক্রেতার নির্ধারিত লিড টাইমের মধ্যে পণ্য রপ্তানি করতে না পারার কারণে রপ্তানি আদেশ বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। আবার অনেক ক্রেতা মূল্যছাড় (ডিসকাউন্ট) দাবি করছেন। এমন অবস্থায় দেশের সর্ববৃহৎ রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে ক্ষতিগ্রস্ত ৩৯টি প্রতিষ্ঠানকে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য সুদবিহীন সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করতে অর্থ উপদেষ্টার কাছে বিশেষভাবে অনুরোধ জানান খন্দকার রফিকুল ইসলাম।


