আইসিসিবিতে ‘সেমস-গ্লোবাল ইউএসএ’ ও ‘সিসিপিআইটি টেক্স চায়না’ এর আয়োজনে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ এর শীতকালীন সংস্করণ শুরু হচ্ছে ১৫ জানুয়ারি।
আজ সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এতে বলা হয়, বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক টেক্সটাইল এবং পোশাক শিল্প সংশ্লিষ্টদের অংশগ্রহণে ১৫-১৮ জানুয়ারি ২০২৫ চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায় এ দুটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এ প্রদর্শনীসমূহ সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত বিশ্বব্যাপী বহুল প্রশংসিত ও তিনটি মহাদেশ জুড়ে বিস্তৃত টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের একটি অংশ; যা প্রতি বছর বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করেছে। প্রদর্শনীদ্বয়ে ৬৫০টির বেশি বুথ নিয়ে ১৫টিরও অধিক দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশগ্রহণ করবে। পাশাপাশি, প্রদর্শনী চলাকালীন ৩টি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।
আগামী ১৫-১৮ জানুয়ারি, ২০২৫ চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায় এ আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে এবং সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, আয়োজক প্রতিষ্ঠান কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ), নিউইয়র্ক ভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত, সেমস-গ্লোবাল ৩২ বছরেরও বেশি সময় ধরে ৪টি মহাদেশে বাণিজ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ব্যবসায়িক খাত সংশ্লিষ্ট পেশাদার বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) ট্রেড শো আয়োজন করে আসছে।


