আগামী বছরের (২০২৫ সালের) এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে। এছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে। আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, “আগামী মার্চে এবার রমজান মাস পড়বে। ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। সেজন্য রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে। সেভাবে প্রস্তুতি চলছে।”
তিনি বলেন, “এইচএসসি ও সমমান পরীক্ষা আমরা ঈদুল আজহার পর শুরুর পরিকল্পনা করেছি। ৭ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। সে অনুযায়ী জুন মাসের শেষদিকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা যেতে পারে।”
২০২৩ সালের এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তবে এসএসসির আইসিটি ছাড়া এ দুই পাবলিক পরীক্ষা অন্যান্য বিষয়ে পূর্ণ সময় ও নম্বরে নেওয়া হয়েছিল। ২০২২ সালে সিলেবাস কিছুটা বাড়িয়ে নেওয়া হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা। সে বছর পরীক্ষার সময় কিছুটা কম ছিল।
২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু গ্রুপভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হয়। ২০২০ সালে করোনা মহামারির কারণে এসএসসি পরীক্ষা হলেও এইচএসসি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।
এর আগে, গত ১৬ বছর ধরে ফেব্রুয়ারি মাসে শুরু হতো এসএসসি ও সমমান পরীক্ষা, আর এইচএসসি পরীক্ষা শুরু হতো এপ্রিলে। কিন্তু করোনার ধাক্কায় এলোমেলো হয়ে যায় পরীক্ষার সূচি। করোনা মহামারির কারণে গত কয়েক বছর এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়াও সম্ভব হয়নি।


