জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ঢাকায় কর্মরত ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিমসটেক, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইডেন,অস্ট্রেলিয়া, চীন ও ভারতের মিশন প্রধানদের স্পাউজরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে জাতীয় সংসদের গঠণশৈলী ও বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা করেন তারা।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম স্থাপত্যশৈলী সম্পন্ন স্থাপনা। মার্কিন স্থপতি প্রফেসর লুই আই কান এ ভবনের মূলনকশা করেছেন। মূলনকশা ঠিক রেখে রক্ষণাবেক্ষণ করা হয়।
স্পিকার বলেন, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী দল সরকার গঠন করেছে। দ্বাদশ সংসদের কার্যক্রম সবে শুরু হয়েছে। প্রতিবছর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। তার ভাষণের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা। এসময় সংসদ ভবন পরিদর্শনের জন্য বিদেশি মিaশন প্রধানদের স্পাউজদের ধন্যবাদ জানান তিনি।
এরআগে বিদেশি মিশন প্রধানদের স্পাউজরা সংসদের গোল চত্বর, লাইব্রেরি, অধিবেশনকক্ষ এবং নর্থ প্লাজা ঘুরে দেখেন। তারা সংসদের গঠনশৈলীর প্রশংসা করেন।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


