প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, সামাজিক ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠনের পথকে সামনে রেখে বর্তমান সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ রয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৪’-এর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
ড. ইউনূস তার বক্তৃতায় বলেন, ‘‘আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, ও বাক-স্বাধীনতার এক আদর্শ রাষ্ট্র। দেশের সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের জন্য সরকারের যে প্রচেষ্টা চলছে, তা একটি কঠিন চ্যালেঞ্জ। তবে এই পথে আমাদের ধৈর্য্য ধরতে হবে এবং সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে।” তিনি সমাজের ভিতরে একটি নতুন সংস্কৃতির বিকাশের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
তিনি আরো বলেন, ‘‘বর্তমান সভ্যতা আমাদের অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, বিশেষ করে পরিবেশের বিপর্যয় এবং মানুষের অতিরিক্ত মুনাফা অর্জনের নেশায়। এই সভ্যতার পুনঃনির্মাণের জন্য থ্রি জিরোর ভিত্তিতে নতুন একটি সভ্যতার প্রয়োজনীয়তা অনুভব করছি। যেখানে সম্পদ কখনও কুক্ষিগত হবে না এবং তা সবার মধ্যে সমানভাবে বিতরণ হবে।’’
বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ড. ইউনূস বলেন, ‘‘বিদেশি অতিথিরা বাংলাদেশে এসে আমাদের দেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন, তারা দেশের পরিবর্তনের জন্য অনেক কিছু ভাবছেন এবং আমাদের একটি নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে ভাবনা জানাচ্ছেন।’’
সম্মেলনে অংশগ্রহণকারী ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। সম্মেলনের এবারের থিম ছিল ‘‘এ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড’’। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন, যা বিশ্বের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ এবং বিশেষজ্ঞদের একত্রিত করে আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করবে।


