বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে বিক্ষোভের সময় এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ শুরু করে প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা। তারা প্রথমে প্রেস ক্লাবের সামনে আধা ঘণ্টার মতো অবস্থান করেন। পরে তারা সচিবালয়ের দিকে অগ্রসর হন এবং শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছিলেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে সমস্যাগুলো চললেও প্রশাসন কোনো সমাধান দেয়নি।
জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য সচিবালয়ে যান। শিক্ষার্থীদের চার সদস্যের একটি প্রতিনিধিদল ভেতরে প্রবেশ করে। তবে সচিবালয়ের বাইরে শতাধিক শিক্ষার্থী অপেক্ষা করছিলেন। প্রতিনিধিদল ভেতরে প্রবেশ করার পর বাইরে অপেক্ষমাণ শিক্ষার্থীরা পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাড়তি নিরাপত্তা জোরদার করে। এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর। তিনি জানান, সংঘর্ষের সময় ডিসি মাসুদ আলমের হাতে আঘাত লাগে।
শিক্ষার্থীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। তবে পুলিশের আচরণে পরিস্থিতি উত্তপ্ত হয়। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা বাধ্য হয়ে ব্যবস্থা নিয়েছেন। উল্লেখ্য, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে আসছেন। তবে এদিনের সংঘর্ষের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।


