নির্বাচন কবে হবে, তা নিয়ে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে একধরনের দ্বন্দ্ব-অবিশ্বাস বাড়ছিলো, লন্ডন বৈঠকের পর আপাতত: তার অবসান হয়েছে বলেই মনে হচ্ছে।
কিন্তু এরপরও নির্বাচনের আগে বেশ কিছু বিষয়ে চ্যালেঞ্জ আছে রাজনীতিতে।
বিশেষ করে সংস্কারের বিভিন্ন ইস্যু, সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া এবং সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয়ের কথা জানাচ্ছে জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল। এসব ইস্যুতে বিএনপির সঙ্গেও মতপার্থক্য তীব্র হয়েছে।
দলগুলোর সঙ্গে যখন ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক চলছে, তখনও এসব মতপার্থক্য জোরালো হয়ে সামনে এসেছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বিবিসি বাংলাকে বলেছেন, দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক। তবে তাদের লক্ষ্য ঐকমত্য তৈরি করা।


