ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতাল শেয়ারবাজারের লেনদেনে কোনো প্রভাব পড়েনি। রোববার হরতালের মধ্যে দেশের দুই শেয়ারবাজারে চলেছে স্বাভাবিক কার্যক্রম।
বিনিয়োগকারীরাও বেশ আগ্রহ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন করেছেন। দিন শেষে বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।
এদিন লেনদেনের শুরুতেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানের আভাস পাওয়া যায়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে দিনভর লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে।
এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৬৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৭টির।


