সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীতেও দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকায় থেমে থেমে বৃষ্টি চলবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবারও ঢাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। শনিবার থেকে সারাদেশেই বৃষ্টি কমতে শুরু করতে পারে।


