পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হচ্ছেন সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ। আজ রোববার অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর।
সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে গত ১১ আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। পরদিন পদত্যাগ করেন সংস্থাটির দুই কমিশনার।
রাশেদ মাকসুদকে নিয়োগের আগে অবশ্য গত ১৩ আগস্ট সরকার নীতি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. এম মাশরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিয়েছিল। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছিল অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে গতকাল সকালে তিনি এক বিবৃতিতে বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগদানে অপরাগতা প্রকাশ করেন।


