রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্য থেকেই নতুন রাষ্ট্রপতি হতে পারেন বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে। আলোচনায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং একজন সাবেক প্রধান বিচারপতির নাম।
সাম্প্রতিক সময়ে সম্ভাব্যদের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের নাম। বিএনপির একটি অংশ তাঁকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে আগ্রহী। এ ছাড়া অধ্যাপক আসিফ নজরুল ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহও সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা ফখরুলকে এ পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে মত দিয়েছেন।
এদিকে সাংবিধানিক বিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সরকার ও বিএনপির শীর্ষ পর্যায়ে এ বিষয়ে প্রস্তুতি চললেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।


