স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর আজ রোববার (২৬ জুলাই) বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সরকারি বাসভবন থেকে বিদায় নিয়ে তিনি সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। এ উপলক্ষে গত কয়েক দিনে তাঁর ব্যক্তিগত মালামাল সেখানে স্থানান্তর করা হয়েছে এবং বাড়ির সংস্কারকাজও সম্পন্ন হয়েছে।
বিদায়ের পর চিকিৎসার জন্য শিগগিরই সিঙ্গাপুর বা ব্যাংককে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ রোগে ভুগছেন সাবেক এই রাষ্ট্রপতি। অসুস্থ স্ত্রী রেবেকা সুলতানাকেও সঙ্গে নিয়ে বিদেশে চিকিৎসা করানোর কথা রয়েছে তাঁর। ২০২৩ সালের ২৪ এপ্রিল তিনি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
এদিকে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তবে তিনি বঙ্গভবনে না উঠে স্পিকারের সরকারি বাসভবন থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। তাঁর নিরাপত্তাও ইতোমধ্যে জোরদার করা হয়েছে।
আজ সকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানাবেন।
সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সরকার জানিয়েছে, আগামী সংসদ অধিবেশনেই এ নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। এদিকে, নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে বলে দলটির নেতারা জানিয়েছেন।


