প্রস্তাবিত ‘বিএসইসি কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬’ প্রণয়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই সুশাসনের প্রয়োগ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিআইএম অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত এক সিপিডি প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, নতুন এই রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গভর্ন্যান্স পেশাজীবী ও কোম্পানি সেক্রেটারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শনিবার (২৫ জুলাই) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ঢাকার বিআইএম অডিটোরিয়ামে ‘প্রস্তাবিত বিএসইসি কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬’ শীর্ষক একটি কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) প্রোগ্রাম আয়োজন করেছে। কর্পোরেট গভর্ন্যান্স ও রেগুলেটরি কমপ্লায়েন্স বিষয়ে সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনার লক্ষ্যে এ অনুষ্ঠানে নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধি, কর্পোরেট নেতৃবৃন্দ, গভর্ন্যান্স পেশাজীবী এবং কোম্পানি সেক্রেটারিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান এফসিএ, এফসিএমএ। তিনি তার বক্তব্যে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ প্রণয়নের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই কর্পোরেট সুশাসনের প্রয়োগ ও চর্চা অধিকতর সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। তিনি নতুন রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কার্যকর বাস্তবায়ন নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গভর্ন্যান্স পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ। তিনি তার বক্তব্যে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, তালিকাভুক্ত কোম্পানি এবং গভর্ন্যান্স পেশাজীবীদের মধ্যে নিবিড় সমন্বয় ও অংশীজনদের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। দেশের কর্পোরেট খাতকে আরও শক্তিশালী করতে এই প্রক্রিয়ার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা পর্বে আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম এফসিএস, ব্র্যাক ব্যাংক পিএলসি-এর কোম্পানি সেক্রেটারি মাহবুবুর রহমান এফসিএস এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) কর্পোরেট গভর্ন্যান্স অফিসার লোপা রহমান। সিপিডি প্রোগ্রামে আলোচকরা নতুন কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালার বাস্তবায়ন, প্রতিপালন-সংক্রান্ত চ্যালেঞ্জ, কর্পোরেট গভর্ন্যান্স চর্চার সর্বোত্তম অনুশীলন, বিনিয়োগকারীদের আস্থা অর্জন, নৈতিক চর্চা নিশ্চিতকরণ এবং টেকসই কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় কোম্পানি সেক্রেটারিদের ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন।


