দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ মো. মনজুর মফিজকে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে তাকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পদের জন্য মনোনীত করা হয়েছে। প্রিমিয়ার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
প্রায় ৩২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যাংকার মো. মনজুর মফিজ ১৯৯৩ সালে সোনালী ব্যাংক পিএলসিতে তার পেশাগত কর্মজীবন শুরু করেন। প্রিমিয়ার ব্যাংকে যোগদানের আগে তিনি ওয়ান ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, দি সিটি ব্যাংক, এবি ব্যাংক ও সোনালী ব্যাংকসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মনজুর মফিজের নেতৃত্বে করপোরেট ব্যাংকিং কেন্দ্রীয়করণ, শক্তিশালী ফান্ড ম্যানেজমেন্ট নীতিমালা প্রণয়ন, ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এবং রিটেইল ও এসএমই ডিপোজিটে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। পাশাপাশি এমএফএস ও এজেন্ট ব্যাংকিংয়ের সম্প্রসারণ এবং পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং সেবা চালুসহ একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। মো. মনজুর মফিজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ফাইন্যান্সে এমবিএ সম্পন্ন করেছেন।


