শেয়ারবাজারে তালিকাভুক্ত ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের কারখানা ও করপোরেট প্রধান কার্যালয় বন্ধ অবস্থায় পেয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিনিধিদল। এক্সচেঞ্জটির পরিদর্শনে কোম্পানিটির কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) কর্তৃক পাওনা আদায়ে কারখানার সম্পদ বিক্রির তথ্যও পাওয়া গেছে
দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, বেপজার নথি অনুযায়ী ফ্যামিলিটেক্স দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ রেখেছে। ফলে আর্থিক অবস্থার অবনতি, লিজ শর্ত ও আইনগত দায় পরিশোধে ব্যর্থতার কারণে বেপজার আওতাধীন কোম্পানিটির সব সম্পদ উন্মুক্ত এবং প্রতিযোগিতামূলক পাবলিক টেন্ডারের মাধ্যমে বাংলাদেশ স্পিনার্স অ্যান্ড নিটার্স (প্রা.) লিমিটেডের কাছে বিক্রি করা হয়েছে।
২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফ্যামিলিটেক্স লিমিটেড ২০২০-২১ অর্থবছর থেকে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না।
এর আগে ২০১৬-১৭ থেকে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত মোট চার বছর কোম্পানিটির লোকসান গুনতে হয়েছে।সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরের শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
ঋণ পরিশোধের উদ্দেশ্যে ২০১৩ সালে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৪ কোটি টাকা সংগ্রহ করে ফ্যামিলিটেক্স। তালিকাভুক্তির সময় ছয় মাসের (জুলাই-ডিসেম্বর ২০১১) ব্যবসায় শেয়ারপ্রতি শূন্য দশমিক ৯২ টাকা মুনাফা ও ১৪ দশমিক ৪৪ টাকা সম্পদ দেখানো হয়েছিল।