প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে বিপুল অর্থ বিনিয়োগ করা হচ্ছে, যা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, নারীরা আজ যে অধিকার ও স্বাধীনতা ভোগ করছেন, তা দীর্ঘ সংগ্রামের ফসল। আন্তর্জাতিক নারী দিবসের সূচনা নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারের দাবির মধ্য দিয়ে হয়েছিল। বাংলাদেশেও নারীরা যুগ যুগ ধরে ন্যায্য অধিকারের জন্য লড়াই করেছে। তিনি উল্লেখ করেন, তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা অবিস্মরণীয়।
তিনি আরও বলেন, ইতিহাসের অনেক বীর নারীকে আমরা ভুলে গেছি। তবে জুলাই কন্যাদের আত্মত্যাগ ও নেতৃত্ব আমরা কখনো ভুলব না। তারা বিভিন্ন সময়ে নিজেদের সংগ্রাম ও আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন, যা নতুন বাংলাদেশ গড়ার পথে দিকনির্দেশনা হয়ে থাকবে। নারীর অধিকার নিশ্চিত করতে পুরুষদেরও দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নতুন বাংলাদেশে আমরা এমন পরিবার চাই, যেখানে প্রত্যেক সদস্যের অধিকার সুরক্ষিত থাকবে।”
আন্তর্জাতিক নারী দিবসকে নারীর সংগ্রাম ও অর্জনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “সমাজে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যত বাধাই আসুক, আমরা নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার থেকে পিছপা হব না।”


