যুক্তরাষ্ট্রের শীর্ষ বিজ্ঞানীদের কর্মসংস্থান ও বসবাসে আগ্রহী করতে নতুন প্রস্তাব দিচ্ছে ব্রিটিশ সরকার। এ লক্ষ্যে কাজ করছে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন গ্লোবাল ট্যালেন্ট টাস্কফোর্স। ভিসা আবেদন ফি হ্রাস এবং বিদেশী গবেষক ও ডিজিটাল বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে সহজে কাজ ও বসবাসের সুযোগ দেয়ার পরিকল্পনা করছেন তারা। খবর দ্য গার্ডিয়ান।
প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যে বিশ্বের শীর্ষ প্রতিভা নেয়ার উদ্যোগে কৌশল নির্ধারণ করতে ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আলোচনা করছেন। পরিকল্পনায় এমন পদক্ষেপ অন্তর্ভুক্ত হবে, যা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি উচ্চ দক্ষ বিদেশী কর্মীদের জন্য প্রযোজ্য এইচ-বি ভিসার ফি বাড়িয়ে এক লাখ ডলার নির্ধারণ করেছেন। পাশাপাশি দেশটির উচ্চ পদে মার্কিন নাগরিকদের নিয়োগ দিতে হবে বলে প্রযুক্তি কোম্পানি ও মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য বিশ্বের সর্বোচ্চ মানের ও দক্ষতাসম্পন্ন প্রতিভা নেয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে।
যুক্তরাজ্যের ভিসা ফি যুক্তরাষ্ট্রের তুলনায় কম, প্রায় ১ হাজার পাউন্ডের নিচে। তবু বড় কোম্পানিগুলো দেশটির অর্থ মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করেছে, ভিসা ফি, কাগজপত্রের জটিলতা এবং দীর্ঘ প্রক্রিয়া অন্য দেশের বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে যাওয়া কঠিন করে তুলছে।
২০২০ সালে যুক্তরাজ্যে চালু হওয়া গ্লোবাল ট্যালেন্ট ভিসার খরচ জনপ্রতি ৭৬৬ পাউন্ড। সঙ্গী ও সন্তানদের জন্যও একই ফি প্রযোজ্য। এর পাশাপাশি স্বাস্থ্য খরচের জন্য ১ হাজার ৩৫ পাউন্ড করে ফি দিতে হয়।
ব্রিটিশ অর্থমন্ত্রী র্যাচেল রিভস সম্প্রতি প্রস্তাব করেছেন, যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করেন না এমন ব্যক্তিদের ক্ষেত্রে বৈশ্বিক সম্পত্তির ওপর উত্তরাধিকার কর দিতে হবে। কিন্তু বিদেশী প্রতিভা আকর্ষণে সরকারের অন্যান্য সুবিধার অংশ হিসেবে এ করনীতি পরিবর্তন বা বাতিলও হতে পারে বলে জানা গেছে।


