শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বাসে হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পাঁচটিরও বেশি বাসের জানালা ভেঙে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল থেকে মধুপুরের মাঝামাঝি এলাকায় এ হামলা হয়। বুধবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরিন জান্নাত আঁখি।
আফরিন জান্নাত বলেন, “সকালে জামালপুর থেকে পাঁচটি বাসে করে আমরা শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে অংশ নিতে যাই। সারাদিনের প্রোগ্রাম শেষে রাতে বাসে করে ফেরার পথে টাঙ্গাইল পার হওয়ার পর একটি বাস লক্ষ্য করে অতর্কিতভাবে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে পাঁচটি বাসের জানালা ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো নেতাকর্মী আহত হননি।” তিনি আরও বলেন, “দুর্ঘটনা এড়াতে বাস না থামিয়ে দ্রুত সেখান থেকে চলে আসি। এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার দাবি করছি।”
এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এ ধরনের হামলা তাদের কর্মকাণ্ডে ভয় দেখানোর চেষ্টা বলে মনে করছেন। তবে, স্থানীয় প্রশাসন এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন, যা দেশের বিভিন্ন জায়গায় মানবাধিকার ও সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে থাকে। এ ধরনের হামলার পর তাদের কর্মকাণ্ড আরও সচেতনভাবে পরিচালনার কথা জানিয়েছেন সংগঠনের নেতারা।


