ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং গ্রাহকদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘ডায়াবেটিক কর্নার’ নামে নতুন সেবা চালু করেছে দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’। ডায়াবেটিক রোগীরা যাতে সহজেই প্রয়োজনীয় পণ্য সেবা পেতে পারেন, সে লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে গুলশান ১, গুলশান ২, বনানী ও বসুন্ধরার সব আউটলেটে গ্রাহকরা এর সুবিধা পাবেন। পরে পর্যায়ক্রমে সারাদেশে স্বপ্নের সব আউটলেটে মিলবে এ সেবা।
বুধবার স্বপ্নের গুলশান ১ আউটলেটে ডায়াবেটিক কর্নারের উদ্বোধন করেন অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, অপারেশন্স ডিরেক্টর আবু নাসের, হেড অব মার্কেটিং মাহাদী ফয়সালসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিদ্দিকা জামান, ফারিয়া আহমেদ ও কামরুন নাহার নামে তিনজন নিয়মিত গ্রাহক অনুষ্ঠানে স্বপ্নে বাজার করার অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে আনিস উদ দৌলা বলেন, ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থাকা উচিত। ওয়ান স্টপ সার্ভিস চালু হলে রোগীরা সহজেই ডায়াবেটিসের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। ভবিষ্যতে এ কর্নারে আরও অনেক সেবা সংযোজন করা হবে।
সাব্বির হাসান নাসির বলেন, ডায়াবেটিক কর্নারে চাল, সুইটেনার, চা, দুধ, মল্ট ড্রিংকস, চকলেট, কুকিসসহ বিভিন্ন ডায়বেটিসবান্ধব খাবার পাওয়া যাবে। এছাড়া থাকছে ব্লাডপ্রেশার মাপার মেশিন, রক্তে গ্লুকোজ পরীক্ষার মেশিন, স্ট্রিপ ইত্যাদি।


