সংকট থেকেই নতুন ব্যবসার সুযোগ তৈরি হয়। সেই সুযোগ কাজে লাগিয়েছে অন-ডিমান্ড সেবা প্ল্যাটফর্ম সেবাডটএক্সওয়াইজেড।
জ্বালানি সংকটের এই সময়ে পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নেওয়া অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছে। চাকরি বা ব্যবসার ব্যস্ততায় অনেকেই লাইনে দাঁড়ানোর সময় পান না। আবার অনেকের গাড়ির জন্য স্থায়ী চালকও নেই। থাকলেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা সব সময় সম্ভব হয় না।
এই পরিস্থিতিতে নতুন ধরনের একটি সেবা চালু করেছে সেবাডটএক্সওয়াইজেড। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, গ্রাহকের হয়ে তেলের লাইনে দাঁড়ানোর জন্য ড্রাইভার ভাড়া নেওয়া যাবে। অর্থাৎ গাড়ি থাকবে গ্রাহকের, আর সেটি নিয়ে পাম্পে গিয়ে লাইনে দাঁড়াবে সেবার চালক। তেল ভরে আবার গাড়ি পৌঁছে দেবে গ্রাহকের কাছে।
এই সেবার নাম দেওয়া হয়েছে ‘ফুয়েল রিফুয়েলিং ড্রাইভার সার্ভিস’। ফেসবুক পোস্টে তারা লিখেছে, “ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানো? আর না! আমাদের দক্ষ চালক আপনার গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে তেল এনে দেবে—আপনি থাকবেন ঝামেলামুক্ত।”
তবে এই সেবার জন্য নির্দিষ্ট চার্জ দিতে হবে। গ্রাহকের পছন্দের পাম্পে গিয়ে যতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, সেই সময় অনুযায়ী ঘণ্টাপ্রতি টাকা দিতে হবে। সেবার তথ্য অনুযায়ী, দিনের বেলায় প্রতি ঘণ্টা ১৭৫ টাকা এবং রাতে প্রতি ঘণ্টা ২২৫ টাকা করে চার্জ প্রযোজ্য হবে।


