Wednesday, June 24, 2026
Home অর্থ-বানিজ্য গভর্নরের সঙ্গে পোশাক উদ্যোক্তাদের বৈঠক

গভর্নরের সঙ্গে পোশাক উদ্যোক্তাদের বৈঠক

সংকটাপন্ন কয়েকটি ব্যাংকের কারণে পোশাক রপ্তানিকারকদের আর্থিক কার্যক্রমে সৃষ্ট অচলাবস্থা নিয়ে আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেছেন বিজিএমইএয়ের একটি প্রতিনিধিদল। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বিজিএমইএ প্রতিনিধিদলে ছিলেন বিজিএমইএয়ের সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, পরিচালক ফাহিমা আক্তার, পরিচালক এ.বি.এম. সামছুদ্দিন, রিও ডিজাইন লিমিটেডের চেয়ারম্যান মো. হারুক আহমেদ, ও’ডেল অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ মোহিত, ডে অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনওয়ার হোসেন পাটওয়ারি এবং এ কে এইচ ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম।

বৈঠকে বিজিএমইএ সভাপতি গভর্নরের কাছে পাঁচটি সংকটাপন্ন ব্যাংকের কারণে পোশাক রপ্তানিকারকরা বর্তমানে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিজিএমইএয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘বর্তমানে সংকটাপন্ন ব্যাংকগুলোতে তীব্র তারল্য সংকটে থাকার কারণে ব্যাংকগুলো রপ্তানি আয় (প্রত্যাবাসিত রপ্তানি মূল্য) সময়মতো পরিশোধ করছে না, এমনকি ব্যাংকগুলো নতুন লেটার অব ক্রেডিট (এলসি) খুলতেও ব্যর্থ হচ্ছে।’

এতে করে সংশ্লিষ্ট পোশাক কারখানাগুলো দারুণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে নিয়মিত কার্যক্রম ও রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে পারছে না। বিশেষ করে কারখানাগুলো সময়মতো শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে না পারার কারণে শ্রমিক অসন্তোষ ক্রমাগতভাবে বাড়ছে, যা আইনশৃঙ্খলার পরিপন্থি বলে জানান তিনি।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, ‘এ পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। সেইসঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের বাংলাদেশের প্রতি আস্থাও কমাচ্ছে, যা শিল্পের জন্য মোটেও শুভ নয়।’

বৈঠকে বিজিএমইএ নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে অনেক প্রতিষ্ঠান সহসাই রুগ্ন শিল্পে পরিণত হবে। ফলশ্রুতিতে অনেক শ্রমিক ভাইবোন কর্মসংস্থান হারাবে এবং সর্বোপরি দেশের প্রধান রপ্তানি খাত আরও ঝুঁকির মধ্যে পড়বে, যা মোটেও কাম্য নয়।

বিজিএমইএ সভাপতি এ জরুরি অবস্থা মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বিজিএমইএ প্রতিনিধিদলের উদ্বেগ গুরুত্ব সহকারে শোনেন এবং এই সমস্যার একটি দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, ‘সাময়িকভাবে ব্যাংকগুলোর গ্রাহকদের প্রাপ্য টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হবে। যাতে রপ্তানিকারকদের জরুরি আর্থিক চাহিদা মেটানো যায়।’

পরবর্তীতে, সমস্যাটির একটি স্থায়ী ও চূড়ান্ত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। বিজিএমইএ সভাপতি আশা করেন যে, দ্রুত এই সমস্যার সমাধান হবে, পোশাক শিল্পে বিরাজমান আর্থিক অনিশ্চয়তা দূর হবে এবং স্বাভাবিক কার্যক্রম ফিরে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments