গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর বিভিন্ন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তাদের তথ্য অনুযায়ী, গত ১১ মাসে দেশের বিভিন্ন স্থানে পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলা দায়ের হয়েছে, যাতে আসামি করা হয়েছে ১,১৬৮ পুলিশ সদস্যকে। এর মধ্যে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) ঢাকার মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম জানান, গণ-আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে সারা দেশে ১,৬০২টি মামলা হয়েছে। এর মধ্যে ৬৩৮টি সরাসরি হত্যাকাণ্ড সংশ্লিষ্ট। তিনি জানান, পতিত সরকারের প্রায় ৮৭ জন মন্ত্রী ও এমপিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। মামলাগুলোর প্রায় ৭০ শতাংশে তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে দাবি করা হয়।
শাহজাদা আকরাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে ৪২৯টি অভিযোগ ও ২৭টি মামলার কার্যক্রম শুরু করেছে। শেখ হাসিনাসহ ২০৬ জন আসামির মধ্যে ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ফেলো মো. জুলকারনাইন ও ফারহানা রহমানসহ অন্যান্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


