ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছেঁড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (৮ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, “৭ নভেম্বরের চেতনা শুধু বিএনপি বা ছাত্রদলের নয়, এটি দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী, আধিপত্যবাদবিরোধী প্রতিটি নাগরিকের জন্য ঐতিহাসিক এক বিপ্লবী মুহূর্ত।” নাছির উদ্দীন আরও বলেন, “সেদিন বিপ্লবী সিপাহী-জনতা দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করেছিলেন, যা আমাদের জাতীয় ইতিহাসের গৌরবময় একটি অধ্যায়।”
ছাত্রদলের সাধারণ সম্পাদক তার বিবৃতিতে বলেন, “ছাত্রদল ৭ নভেম্বরের গুরুত্ব বোঝাতে ক্যাম্পাসে পোস্টার লাগিয়েছিল, যাতে ঐতিহাসিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরা হয়েছিল। এটি কোনো দলের প্রচারণা নয়, বরং জাতির ইতিহাসের স্মরণে একটি সাধারণ ক্যাম্পেইন ছিল।”
এছাড়া তিনি যোগ করেন, “ছাত্রদলের কর্মী ও কর্মসূচির প্রতি মতবিরোধ থাকতে পারে, কিন্তু দেশের ঐতিহাসিক গুরুত্ব বহনকারী একটি দিনকে অবমাননা করা, যেমন ৭ নভেম্বরের পোস্টার ছেঁড়া, তা অশ্রদ্ধার পরিচায়ক।” তিনি বলেন, “এ ধরনের কাজ গণতান্ত্রিক সমাজে কখনও গ্রহণযোগ্য হতে পারে না।”
নাছির উদ্দীন আরও বলেন, “যতদিন গণতান্ত্রিক মূল্যবোধ অটুট থাকবে, ততদিন ছাত্রদল সহনশীলতা ও পরমতসহিষ্ণুতার নীতি বজায় রাখবে।” তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এর মাধ্যমে দেশে জাতীয় ঐক্যভঙ্গের চেষ্টা হতে পারে, যা গণতন্ত্রের প্রতি শিক্ষার্থীদের বিশ্বাসকে ক্ষুণ্ন করতে পারে।
এই ঘটনার পর, ছাত্রদল সকল ছাত্রসংগঠনকে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে। তারা আশা করে যে, পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা যেন না ঘটে এবং সকলের মধ্যে সহনশীলতা বজায় থাকে।


