ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ই-সিগারেট) ও সংশ্লিষ্ট পণ্যগুলোর আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। জনস্বাস্থ্য সুরক্ষা ও তরুণ প্রজন্মকে নেশাজাতীয় পণ্যের প্রভাব থেকে দূরে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই-সিগারেটের ব্যবহার বাড়ার ফলে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এই সমস্যা মোকাবিলায় স্বাস্থ্যসেবা বিভাগকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে ই-সিগারেটকে নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ই-সিগারেটের প্রচলন ধূমপানের প্রবণতা কমানোর পরিবর্তে তরুণদের মধ্যে আসক্তি বাড়াচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ।
সরকারের এই পদক্ষেপকে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ই-সিগারেট নিষিদ্ধ হলে দেশে ধূমপানমুক্ত পরিবেশ গড়ার প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়ে যাবে।


