বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,একটি রাজনৈতিক দল দেশের অর্ধেক জনগোষ্ঠি নারীদের ঘরে আটকে রাখতে চায়। সে কারণে দলটির সবথেকে বড় নেতা আন্তর্জাতিক গণমাধ্যমে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে লক্ষ-কোটি কর্মজীবী মা-বোনদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছেন। আর যা-ই হোক তাদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টায় যশোরের উপশহর কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘তারা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে চায় বলে মাঠে ময়দানে প্রচার চালায়। তাহলে অসৎ প্রস্তাব দিয়ে তারা কিভাবে সৎ লোকের শাসন কায়েম করবে? এরা সকাল-বিকাল শুধুই মিথ্যা কথা বলে। মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না। এদের কারণে একাত্তরে লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, মা-বোনরা সম্ভ্রম হারিয়েছেন। ফলে তাদেরকে বিশ্বাস করার কোনো কারণ নেই।’
তিনি আরও বলেন, ‘নারীদেরকে শিক্ষিত করে তুলতে আমার মা বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন, এবার আমাদের দল সরকার গঠন করতে পারলে, মা-বোনদের হাতে হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।’
জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু। বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরদার, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
বেলা ২টা ৩৯ মিনিট থেকে পরবর্তী ৩৩ মিনিটের বক্তব্যে তারেক রহমান আরও বলেন, ‘বিগত সরকারের মতো আমি-ডামি আর নিশিরাতের ভোট করে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে আরেকটি দল। ভোট গণনার নামে কেউ কোনো সুযোগ নিতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে।’
তিনি বলেন, ‘যশোর অঞ্চলের খাল-বিল পুনঃখনন এবং জলাবদ্ধতা নিরসনে জিকে প্রকল্প পুনরায় চালু করা হবে।’ বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যে নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘বিএনপি সরকার গঠন করতে পারলে মসজিদের ইমাম-মুয়াজ্জিম ও অন্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্র সম্মানী দেবে। বিএনপি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে দেশ গড়তে চায়।’ তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে যশোরের ফুলকে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। চালু করা হবে এ অঞ্চলের চিনিশিল্পগুলো।’
জনসভায় বক্তব্য দেওয়ার মধ্যে যশোর-কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার ২২টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাদেরকে বিজয়ী করার আহ্বান জানান দলীয় প্রধান তারেক রহমান।
নির্বাচনী সমাবেশ শেষে প্রধান অতিথি তারেক রহমান জুলাই যুদ্ধাহত এবং শহীদদের বাবা-মা’র সঙ্গে কুশল বিনিময় করেন।


