হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগের মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক আতাউস ছামাদ বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৮টার দিকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল রানার নেতৃত্বে এক বিশেষ অভিযানে চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আতাউস ছামাদ বাবু উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের ইউপি সদস্য আব্দুর রউফের ছেলে। তাকে গ্রেফতারের পর মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ৪ আগস্ট মাধবপুরে ছাত্র ও সাধারণ জনগণের ওপর হামলা চালানো, সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর করার অভিযোগে দায়ের করা মামলায় বাবু ছিলেন অন্যতম আসামি। এই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, আতাউস ছামাদ বাবু ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তার নেতৃত্বে মাধবপুরে সংগঠিত সহিংস ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছিল।
বাবুর গ্রেফতারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


