দেশের সার্বিক কল্যাণে নিরবচ্ছিন্ন কর্মব্যস্ততার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত টানা প্রায় ১৬ ঘণ্টা সরকারি দায়িত্ব পালন করেন তিনি।
বিকাল সাড়ে ৩টার দিকে সচিবালয়ের কাজ শেষ করে তিনি যোগ দেন জাতীয় সংসদের অধিবেশনে। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাত ৮টা পর্যন্ত সক্রিয়ভাবে অংশ নেন তিনি, যা একজন দায়িত্বশীল রাষ্ট্রনায়কের কর্মনিষ্ঠার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
এরপরও শেষ হয়নি দিনের কর্মসূচি। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদের একটি বিশেষ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন, চলমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা শেষে বৈঠক শেষ হয় রাত সাড়ে ১১টার পর। বৈঠক শেষে আবারও নিজ দপ্তরে ফিরে কিছু সময় দাপ্তরিক কাজ করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত টানা কাজ করেছেন প্রধানমন্ত্রী। তার ভাষায়, প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করা প্রধানমন্ত্রীর জন্য স্বাভাবিক হলেও এদিন তা প্রায় ১৬ ঘণ্টায় পৌঁছায়।
তিনি আরও বলেন, এই দীর্ঘ কর্মঘণ্টা শুধু একটি সংখ্যা নয় বরং দেশবাসীর প্রতি একটি বার্তা—জাতির দায়িত্বে নিয়োজিত একজন নেতা শেষ পর্যন্ত কাজ করে যান, দেশের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে।


