চট্টগ্রামে নতুন করে দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। চলতি বছরে এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল আট। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নগরীর একটি বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্রে পরীক্ষায় দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রমিত দুজনই মহানগর এলাকার বাসিন্দা।
সরকারি পর্যায়ে করোনাভাইরাস শনাক্তের কিটের স্বল্পতাও রয়েছে। বর্তমানে চট্টগ্রামে যে কিটগুলো আছে, সেগুলোর বেশির ভাগই মেয়াদোত্তীর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিভিল সার্জন বলেন, ‘কয়েক দিনের মধ্যে নতুন কিট এসে পৌঁছাবে বলে আশা করছি। অন্যান্য যন্ত্রপাতি প্রস্তুত রয়েছে এবং হাসপাতালগুলোর প্রস্তুতির কাজ চলমান।’
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে জানায়, ভারতের ‘এনবি ১.৮.১’ নামের করোনাভাইরাসের একটি নতুন ধরন ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এ ধরনটির সংক্রমণ ছড়াতে শুরু করেছে বলে জানা গেছে। এই ধরনটির সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি এবং এটি দ্রুত ছড়ায়।


