কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া ও ভন্দুর চর সীমান্ত এলাকায় দুই শিশু ও নারীসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ভারতের ঝালুর চর বিএসএফ ক্যাম্প থেকে ৯ জনকে সীমান্তবর্তী এলাকায় নিয়ে আসা হয়। বর্তমানে তারা ভারতীয় ভূখণ্ডের ভেতরে, সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন বলে জানা গেছে।
ঘটনার পরপরই গয়টাপাড়া বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ান এবং সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থান গ্রহণ করেন। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীও বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় পর্যবেক্ষণ জোরদার করেছেন।
স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বলেন, সম্প্রতি সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজন ঠেলে দেওয়ার চেষ্টার ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে সীমান্ত এলাকায় সবাই সতর্ক রয়েছেন এবং যেকোনো ধরনের পুশইন প্রতিহত করতে প্রস্তুত আছেন।
বিজিবি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। গয়টাপাড়া বিওপির হাবিলদার মাসুদ রানা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।


