জ্বালানি চাহিদা মেটাতে ২০২৫ সালের জানুয়ারিতে কোরিয়া থেকে একটি কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন সর্বনিম্ন দরদাতা হিসেবে এই এলএনজি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারিত হয়েছে ১৪.৬৯ ডলার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হয়। কমিটির সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ। জানা গেছে, স্পট মার্কেট থেকে ২০২৫ সালের জানুয়ারি-ডিসেম্বর সময়ে ৫৯ কার্গো এলএনজি আমদানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে আমদানির জন্য এই কার্গোর প্রস্তাব দেওয়া হয়। আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২৩টি প্রতিষ্ঠানের কাছে প্রস্তাব চাওয়া হলে ৩টি প্রতিষ্ঠান সাড়া দেয়। কোরিয়ার পসকো প্রতি এমএমবিটিইউ ১৪.৬৯০০ ডলার দরে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এক্সেলেরায়েট এনার্জি ১৪.৮৪ ডলার এবং সিঙ্গাপুরের পেট্রোচায়না ১৪.৮৬ ডলার দর উল্লেখ করে।
এই কার্গো এলএনজির মোট পরিমাণ ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ হতে পারে। আমদানি ব্যয়ের মোট পরিমাণ ধরা হয়েছে ৬৯২ কোটি ৯৯ লাখ টাকা, যার মধ্যে ১৫% ভ্যাট এবং ২% অগ্রিম কর অন্তর্ভুক্ত।
এ আমদানির মাধ্যমে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এলএনজির ক্রয় চুক্তির ফলে আগামী মাসগুলোতে শিল্প এবং গৃহস্থালির চাহিদা পূরণ সহজতর হবে।


