শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এপেক্স ফুটওয়্যার লিমিটেডের আয় চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি ৪৮৪ কোটি টাকা আয় করেছে, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় হয়েছিল ৪২৩ কোটি টাকা। হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৮০ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩৮ টাকা ২৭ পয়সা। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের ইপিএস হয়েছে ৮ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ২২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩৬ টাকা ৬৮ পয়সায়।
১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৯ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩০৩ কোটি ৩০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৪৬। এর ৩১ দশমিক শূন্য ৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ২০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪২ দশমিক ৭২ শতাংশ শেয়ার রয়েছে।
এপেক্স ফুটওয়্যারের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।


