ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিতর্কিত নেতা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সম্প্রতি দ্য ফিন্যান্সিয়াল টাইমস প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত বছরের ডিসেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে ক্রাউন প্লাজা হোটেলে লেবার পার্টির আয়োজিত একটি বিশেষ নৈশভোজে আনোয়ারুজ্জামান উপস্থিত ছিলেন। সেখানে তাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে হাসিমুখে আলাপ করতে দেখা যায়। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে।
আনোয়ারুজ্জামান চৌধুরী বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশ ছাড়েন। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে হত্যাকাণ্ডের অভিযোগও আছে। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এসব গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করেছেন। এ নিয়ে ব্রিটিশ রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। প্র
তিবেদনে উল্লেখ করা হয়েছে, লেবার পার্টি ২০২৪ সালের সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার পেছনে ব্রিটিশ-বাংলাদেশি ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লেবার পার্টির পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিল আওয়ামী লীগ। এমনকি লেবার পার্টি একটি নির্বাচনি অনুদানও পেয়েছিল, যা আওয়ামী লীগ সমর্থিত এক প্রবাসী বাংলাদেশি প্রদান করেছিলেন।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো লেবার পার্টির এ কৌশল নিয়ে সমালোচনা করছে। তাদের মতে, বিতর্কিত বা অভিযুক্ত রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্টতা লেবারের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সামাজিক নৃতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফ হক এ বিষয়ে বলেন, “লেবার পার্টি মনে করে ব্রিটিশ-বাংলাদেশি ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগ তাদের সবচেয়ে ভালো মাধ্যম। কিন্তু বাস্তবতা ভিন্ন। ব্রিটিশ-বাংলাদেশিদের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমছে। লেবার পার্টিকে এ বিষয়ে সচেতন হতে হবে।” আনোয়ারুজ্জামানের সঙ্গে স্টারমারের এই সাক্ষাৎ নিয়ে ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনে বিতর্ক অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে আনোয়ারুজ্জামান বা লেবার পার্টির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।


