বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে ওসমান এরশাদ ফয়েজকে নিয়োগ দিয়েছে। ফিনটেক ও কৌশলগত ব্যবস্থাপনায় অভিজ্ঞ ফয়েজ এর আগে সিঙ্গাপুর ভিত্তিক কন্সালটেন্সি প্রতিষ্ঠান এশিয়া এফআইআইটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।
ত্রিশ বছরের পেশাগত জীবনে ওসমান ফয়েজ আন্তর্জাতিক ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি এএমটিডি ডিজিটালের প্রধান তথ্য ও পরিচালন কর্মকর্তা হিসেবে কাজ করার পাশাপাশি স্ট্যান্ডার্ড চার্টার্ড সিঙ্গাপুরের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া, ইন্দোনেশিয়ার পারমাতা ব্যাংকের পরিচালন বিভাগের প্রধান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আঞ্চলিক তথ্য কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
সিঙ্গাপুর ক্লিয়ারিং হাউজ এসোসিয়েশনের পরিচালকের দায়িত্ব পালনকারী ফয়েজ পেশাগত জীবনে বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। ২০১৫ সাল থেকে তিনি সিঙ্গাপুরের ইন্সটিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের ফেলো সদস্য।
ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স) এবং এমবিএ সম্পন্ন করার পর তিনি অক্সফোর্ড সাঈদ বিজনেস স্কুল ও ইনসিয়াডের এলামনাই সদস্য হন। ওসমান ফয়েজ তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশে ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী হিসেবে। পরে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক দায়িত্ব নেওয়ার কারণে তিনি ২০০৫ সালে বাংলাদেশ ছাড়েন। দীর্ঘ অভিজ্ঞতার কারণে ইস্টার্ন ব্যাংকে তার নিয়োগ ব্যাংকটির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


