ব্যাংকে ডলার সংকটের কোনো তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় বুধবার (৮ জানুয়ারি) এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “গত বছর দেশে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে এবং রপ্তানিতে প্রায় ১৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ফলে ব্যাংকে ডলার সংকটের যে তথ্য প্রচারিত হচ্ছে, তা সঠিক নয়। দেশের ব্যাংকিং খাতে কোনো ডলার সংকট নেই।” বাজার পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “চালের ঘাটতি নেই, স্থানীয় উৎপাদন ভালো হয়েছে। তবে ভরা মৌসুমেও চালের দাম বাড়ছে। এ পরিস্থিতির পেছনে যৌক্তিক কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। আশা করছি, শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে ফিরে আসবে।”
আলুর বাজার নিয়েও তিনি কথা বলেন। শেখ বশিরউদ্দীন বলেন, “কিছুদিন আগে আলুর দাম অপ্রত্যাশিতভাবে বেড়ে গিয়েছিল। তবে এখন আলুর দাম ৫০ টাকার নিচে নেমে এসেছে। ভবিষ্যতে আলু এবং পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে সরকারি পর্যায়ে মজুত ব্যবস্থা জোরদার করা হবে। প্রয়োজন হলে আমদানির মাধ্যমে মজুত বাড়ানো হবে।” তিনি আরও বলেন, “গত বছর আলুর চাষ ব্যাপক হয়েছে। ফলে এ বছর আলু এবং পেঁয়াজের বাজার সহনীয় থাকবে বলে আশা করছি। তবে শুধু বাজার মূল্য নিয়ন্ত্রণ নয়, কৃষকদের সুরক্ষাও আমাদের লক্ষ্য। আমরা বাজার ব্যবস্থাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে কাজ করছি।”
টিসিবির কার্যক্রম ডিজিটাল করার উদ্যোগ সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, “টিসিবির কাগজের কার্ড ব্যবস্থাকে বাতিল করে নতুন স্মার্ট ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। এ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়ম অনেকাংশে কমানো সম্ভব হয়েছে। টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এখন পর্যন্ত ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে এবং আরও ৩০ থেকে ৩৫ লাখ কার্ড শিগগিরই দেওয়া হবে।” অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাণিজ্য উপদেষ্টা জানান, সরকারের এই উদ্যোগের ফলে বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং সাধারণ মানুষের জন্য টিসিবির পণ্য আরও সহজলভ্য হবে।


