বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) তিনি এই পদে যোগ দেন। পেট্রোবাংলার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেজানুর রহমান এর আগে বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।
পেশাগত জীবনে রেজানুর রহমান মাঠ প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডিডিএলজি হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), এবং দুর্নীতি দমন কমিশনেও (দুদক) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
রেজানুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং নেদারল্যান্ডসের আইটিসি থেকে প্রফেশনাল মাস্টার ডিগ্রি অর্জন করেছেন।
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান হিসেবে তিনি দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।


