দেশের কৃষি খাতে উৎপাদনশীলতা বাড়াতে এবং আমদানিনির্ভরতা হ্রাস করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সেবা এগ্রো-টেক এন্ড সীডস লিমিটেড এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই উদ্যোগের লক্ষ্য হলো কৃষি খাতে পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও মূল্যস্ফীতি মোকাবিলায় দেশের কৃষকদের সঠিক সহায়তা প্রদান। চুক্তির আওতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষি উদ্যোক্তাদের জন্য সহজ বিনিয়োগ সুবিধা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম এবং সেবা এগ্রো-টেকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কাজী বোরহান আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।
শাহজালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মোঃ আবদুর রহিমসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ উদ্যোগ দেশের কৃষি খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।


