শপথ নেওয়ার পরপরই দপ্তর পেলেন নতুন দুই উপদেষ্টা। শেখ বশিরউদ্দীনকে দেওয়া হয়েছে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে। অন্য দিকে মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব।
রোববার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের সই করা এক প্রজ্ঞাপনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন করা হয়।
প্রজ্ঞাপনে দেখা যায়, নিজের ওপর থাকা দায়িত্বের ভার কিছুটা কমালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগে চারটি মন্ত্রণালয় ও দুটি বিভাগের দায়িত্বে ছিলেন তিনি।
এখন থেকে প্রধান উপদেষ্টা দুটি মন্ত্রণালয় ও দুটি বিভাগের দায়িত্ব পালন করবেন। এগুলো হলে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাবগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্যদিকে আগে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন সালেহ উদ্দিন আহমেদ। তিনি এখন থেকে শুধু অর্থ মন্ত্রণানয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকবেন। অন্যদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন।
আবার আসিফ নজরুলের দায়িত্ব থাকবে আইন মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
উপদেষ্টা হাসান আরিফের দপ্তর পুনর্বন্টন হয়েছে। এখন থেকে তিনি ভূমি মন্ত্রণালয়ের পাশাপাশি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
আলী ইমাম মজুমদারকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণায়ের দায়িত্ব। আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণায়লের পাশাপাশি পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্য উপদেষ্টাদের দায়িত্বে কোনো পরিবর্তন হয়নি।


