ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ইহুদি বসতি পরিদর্শনে যাওয়ার সময় হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে অপ্রত্যাশিতভাবে তার সফর স্থগিত করেছেন। হিব্রু দৈনিক ইয়াদিওত আহারোনোত সূত্রে জানা গেছে, নেতানিয়াহু যখন উত্তর ইসরাইলের ‘আল-মাতালা’ বসতির দিকে যাত্রা শুরু করেন, ঠিক তখনই সেখানে হিজবুল্লাহর একটি ড্রোন আছড়ে পড়ে। এ ঘটনার পর প্রধানমন্ত্রী তার পরিদর্শন কর্মসূচি বাতিল করতে বাধ্য হন।
অক্টোবর ২০২২ থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে হিজবুল্লাহ উত্তর ইসরাইলের ইহুদি বসতিগুলোকে লক্ষ্য করে বিভিন্ন সময় আক্রমণ চালিয়ে আসছে। এসব হামলার ফলে বহু বসতি জনমানবশূন্য হয়ে পড়েছে, এবং যারা এখনও বসবাস করছে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে এ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছে, বিশেষ করে যারা হিজবুল্লাহর আক্রমণের শিকার হয়েছেন তারা প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন।
এদিকে, ইসরাইলি বসতি স্থাপনকারীরা অভিযোগ করেছেন, শুধুমাত্র হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র নয়, বরং ইসরাইলের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকেও তাদের বসতিগুলোতে ক্ষয়ক্ষতি হচ্ছে। তারা মনে করেন, এ ধরনের হামলার ফলে তাদের নিরাপত্তা এবং জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইসরাইলের ১২ নম্বর টিভি চ্যানেল সম্প্রতি জানিয়েছে যে, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধের শুরু থেকে ইসরাইলকে লক্ষ্য করে মোট ২৬,৩৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার বেশিরভাগই গাজা ও লেবানন থেকে এসেছে। এই পরিস্থিতিতে ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন উঠে আসছে এবং সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য চাপ বৃদ্ধি পাচ্ছে।


