সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই জ্বর নিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ২৬৪ জন। এছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৩ হাজার ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে ঢাকা বিভাগের দুইজন। এছাড়া বরিশাল বিভাগে তিনজন, খুলনা বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫২ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৮৬ জন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫৪ জন, খুলনা বিভাগে ১০৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ১০৪ জন, রংপুরে ৩১ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন ও সিলেট বিভাগে পাঁচজন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে দুই লাখ ১১ হাজার ১৭১ জন চিকিৎসা নিয়েছেন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জন মারা যান। ২০২২ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হন, এর মধ্যে ২৮১ জন মারা যান।


